Main Menu

সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১০২ জন। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৮ জনে।

এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ২ শিশুরা হলো মাহবুবুর রহমান (প্রায় ১৫ মাস) ও তাকসিন (সাড়ে ৯ মাস)। এর মধ্যে মাহবুবের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট ও তাকসিনের বাড়ি সুনামগঞ্জের ছাতকে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত হামের উপসর্গে মারা যাওয়া ১৪৮ জনের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং বাকি ১৪৬ জনই শিশু। মৃতদের মধ্যে সিলেট জেলার ৫৭ জন, সুনামগঞ্জের ৫৮ জন, মৌলভীবাজারের ১৩ জন এবং হবিগঞ্জের ২০ জন রয়েছেন।

এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৩৩৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশই অসচেতনতা ও কুসংস্কারের কারণে হাম প্রতিরোধী টিকা থেকে বঞ্চিত ছিল। পাশাপাশি সিলেটের সীমান্তবর্তী এলাকা ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পৌঁছাতে না পারায় এসব এলাকায় আক্রান্ত ও মৃত্যুর হার তুলনামূলক বেশি।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, হামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় বা ‘লগ ফেজ’ ইতোমধ্যে পার হয়েছে। তবে বর্তমানে রোগটির উপসর্গ ও প্রকৃতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি আক্রান্তদের চিকিৎসা ও হাম প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।

Share





Related News

Comments are Closed