সিলেটের নতুন পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারসহ বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌহিদুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার মো. আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকায় পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি সরোয়ার মুর্শেদ শামীম, যাকে সিলেটের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে আরও দুই ডিআইজি পদমর্যাদার কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন করা হয়েছে। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ডিআইজি হিসেবে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে পূর্বের একটি বদলি আদেশ বাতিলের বিষয়ও উল্লেখ করা হয়েছে। গত ২৮ জুন জারিকৃত এক আদেশে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে এপিবিএনের ডিআইজি (এএফডিএন) হিসেবে বদলি করা হয়েছিল, যা বর্তমান প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল ঘোষণা করা হলো।
জনস্বার্থে জারি করা এই বদলি ও নিয়োগের আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
Related News
সিলেটে পূজামণ্ডপে গান গেয়ে শাস্তির মুখে পুলিশের এএসআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশনRead More
সিলেটে পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অভিযোগে সাত যুবককে আটকRead More



Comments are Closed