পরকীয়ার জেরে রামুতে স্বামীকে হত্যা, সিলেটে স্ত্রীর প্রেমিক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের রামুতে পরকীয়া প্রেমের জেরে স্বামী সৈয়দ হোসেনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় র্যাব-৯ (সিলেট) এবং র্যাব-১৫ (কক্সবাজার)-এর একটি যৌথ আভিযানিক দল সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আকতার কামাল (৪২) কক্সবাজার জেলার রামু থানার কালারপাড়া এলাকার হামজা আলীর ছেলে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, খুনের শিকার সৈয়দ হোসেন কক্সবাজারের রামু থানার কালারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ২০১৯ সাল থেকে প্রবাসে থাকাকালীন মামলার ২নং বিবাদী আকতার কামাল তার সংসারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে পৌঁছে দিত। এই সুবাদে সৈয়দ হোসেনের স্ত্রীর (আনোয়ারা বেগম) সাথে আকতার কামালের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
২০২৩ সালে সৈয়দ হোসেন প্রবাস থেকে দেশে ফিরে এই বিষয়টি জানতে পারেন এবং আকতার কামালকে তার বাড়িতে আসতে নিষেধ করেন। কিন্তু আসামি সেই নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে সম্পর্ক চালিয়ে যায়, যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া-বিবাদ ও মনোমালিন্য লেগেই থাকত।
এ অবস্থায় গত ২৫ জুন ভোরে সৈয়দ হোসেনের মেয়ে তার চাচাকে ফোন করে বাবার মৃত্যুর খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের শরীরের বিভিন্ন জায়গায় জখমপ্রাপ্ত মৃতদেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ার কারণে রাতের কোনো এক সময় স্ত্রী ও ২নং বিবাদী অন্য অজ্ঞাতনামা আসামিদের সহযোগিতায় তাকে হত্যা করে।
এ ঘটনায় সৈয়দ হোসেনের ভাই বাদী হয়ে কক্সবাজার জেলার রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিদের আইনের আওতায় আনতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সিলেট থেকে আকতার কামালকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed