Main Menu

সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ ৩ কৃষকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজার পাড়া নামা এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেল ৫ টার দিকে বনগাঁ ইউনিয়নের কোন্ডা গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বলিয়ারপুর পাচানি পাড়ার মৃত বুদ্দু মিয়ার ছেলে ও ক্ষেতের মালিক দ্বীন ইসলাম (৫৪)। অপর দুইজন কৃষকের মধ্যে একজনের নাম দুলাল (৬০) বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। অন্যজনের পরিচয়ও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বিকেলে কৃষি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যায়। অপর একজন ক্ষেতের মালিক দীন ইসলাম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত দুই শ্রমিককে হেমায়েতপুর এলাকা থেকে দিনমজুর হিসেবে কাজের জন্য আনা হয়েছিল বলে জানা যায়।

এ ব্যাপারে সাভার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন বলেন, রবিবার বিকেলে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দ্বীন ইসলামের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দুইজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Share





Related News

Comments are Closed