Main Menu

ঢাকায় ১০ তলা থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু, মা-বাবার দাবি হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় একটি ১০ তলা ভবন থেকে নিচে পড়ে রিক্তা আক্তার (১১) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় এ ঘটনাটি ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রিক্তা সুনামগঞ্জ জেলার সদর থানার নিজগাঁও গ্রামের শাহিন মিয়ার মেয়ে।

ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মেয়ে রিক্তার বাবার অভিযোগ।

তিনি জানান তাঁদের বাড়ি সুনামগঞ্জে হলেও বর্তমানে স্ত্রী মাজেদা ও তিন সন্তানকে নিয়ে গাজীপুর টঙ্গী এলাকায় থাকেন। চার সন্তানের মধ্যে রিক্তা ছিল দ্বিতীয়।

রিক্তার বাবা জানান, পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার ধানমন্ডির বাসায় এক মাস আগে দশ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে কাজে দেন মেয়েকে। এক সপ্তাহ আগে ভিডিও কল দেন। তখন মেয়ের মুখ ফোলা দেখতে পান। এরপর ওই দালালকে বলেন মেয়েকে দিয়ে যেতে। দালাল বলে আগে দশ হাজার টাকা পরিশোধ করতে। আজকে জানতে পারেন তাঁর মেয়ে মারা গেছে।

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে উপর থেকে পড়ে মারা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমার মেয়েকে যারা হত্যা করেছে, তাদের কঠিন বিচার হোক।’

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ওই শিশু গৃহকর্মী ধানমন্ডির ওই বাসার ১০ম তলায় এক মাস ধরে কাজ করত। সকালে বাসার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় ওই শিশু। এরপর তাকে দ্রুত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, লাশের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত বলা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed