Main Menu

শাবিপ্রবিতে নিয়মবহির্ভূত পদোন্নতি, পিএসহ ২ জনকে শাস্তি

বৈশাখী নিউজ ডেস্ক: পদোন্নতি ও আপগ্রেডেশন নীতিমালা লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের একান্ত সচিব কবির উদ্দিনসহ দুজনকে শাস্তি দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

তদন্তে প্রমাণিত হয়েছে, রেজিস্ট্রার দপ্তরের উপরেজিস্ট্রার কবির উদ্দিন নীতিমালা অনুযায়ী দুটি আপগ্রেডেশন পাওয়ার সুযোগ থাকলেও তিনটি আপগ্রেডেশন নিয়েছেন। এ ছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগারের উপগ্রন্থাগারিক সেবিকা সুলতানাকে প্রয়োজনীয় যোগ্যতা পূরণ ছাড়াই নিয়োগ ও আপগ্রেডেশন দেওয়া হয়েছে। এ দুটি অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয়ের দুটি করে ইনক্রিমেন্ট বাতিল ও তিরস্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সাবেক পরিচালক এ কে এম ফেরদৌসকে নিয়ম লঙ্ঘন করে অতিরিক্ত পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি প্রয়োজন হলেও তিনি সে যোগ্যতা পূরণ করেননি। ২০২১ সালের ৩০ জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কোনো চুক্তি ছাড়াই তিনি দায়িত্ব পালন করেন। সিন্ডিকেট সভা এই সময়ে গ্রহণ করা বেতন-ভাতা ও আর্থিক সুবিধা ফেরত না দেওয়ার কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, তদন্ত কমিটির সুপারিশের আলোকে সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিয়েছে।

Share





Related News

Comments are Closed