Main Menu

দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সরকারি হাসপাতালে রোগীদের জন্য বিনা মূল্যে হুইলচেয়ার ও ট্রলি সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-এর স্বাস্থ্য সেবা বিভাগ। একই সঙ্গে হাসপাতাল থেকে দালাল নির্মূলে সাত দফা নির্দেশনা জারি করা হয়েছে।

উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়। গত ২ মার্চ জারি করা ওই অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশ অনুযায়ী নির্দেশনাগুলো হলো-

১. সব সরকারি হাসপাতালে বিনা মূল্যে হুইলচেয়ার ও ট্রলি সরবরাহ নিশ্চিত করতে হবে।

২. হাসপাতালের জরুরি বিভাগের কাছাকাছি দৃশ্যমান স্থানে হুইলচেয়ার-ট্রলি রাখতে হবে এবং বিনা মূল্যে প্রদানের লিখিত নির্দেশনা টাঙাতে হবে।

৩. নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত হাসপাতালের সেবাকর্মী বা ওয়ার্ডবয় হুইলচেয়ার-ট্রলি বহন করবে।

৪. কোনো বহিরাগত ব্যক্তি হুইলচেয়ার-ট্রলি বহন বা অর্থের বিনিময়ে এ সেবা দিতে পারবে না।

৫. হাসপাতাল দালাল-মুক্ত করতে হবে। দালালের দৌরাত্ম্য বন্ধে পুলিশের সহায়তায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নিতে হবে।

৬. দালালদের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

৭. কোনো সেবার জন্য বিধিবহির্ভূত অর্থ আদায় বা বখশিশ চাওয়া বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ অফিস আদেশ দেশের বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সচিব, পরিচালক ও তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, রোগীদের হয়রানি রোধ এবং সরকারি হাসপাতালের সেবার মান উন্নয়নে এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। প্রয়োজনে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed