Main Menu

ওসমানী হাসপাতালের নারী ওয়ার্ডে আগুন, অল্পের জন্য রক্ষা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও দ্রুত ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় আগুন নেভাতে গিয়ে এক অ্যাম্বুল্যান্স চালক আহত হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হাসপাতালের চতুর্থ তলায় নারী ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ করে চতুর্থ তলার একটি অংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে নিরাপদ স্থানে সরে যান।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডের ফলে কিছু সময়ের জন্য ওই তলায় চিকিৎসাসেবা কার্যক্রম ব্যাহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল এলাকায় অতিরিক্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম বলেন, ‘ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share





Related News

Comments are Closed