Main Menu

সিলেটে দোকানের গ্যাস বাড়িতে মজুত করায় জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একটি বসতবাড়িতে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত রাখার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর শিবগঞ্জ এলাকার হক ভিলা, পুষ্পায়ন–২০ নম্বর ভবনে অভিযান চালিয়ে ‘মাখন চুলা ঘর’ নামের প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া জানান, বসতবাড়িটিতে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুতের তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে ১২ কেজির ১৩০টি এলপিজি গ্যাস ভর্তি সিলিন্ডার পাওয়া যায়। তিনি বলেন, তথ্য অনুযায়ী ট্রাকটি গত দুই দিন ধরে সেখানে অবস্থান করছিল। কোনো ধরনের লাইসেন্স বা গোডাউন ছাড়াই বসতবাড়িতে এভাবে সিলিন্ডার রাখা বিধিসম্মত নয় এবং এতে অগ্নিনিরাপত্তার ঝুঁকি রয়েছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী দিনের মধ্যে ওই সিলিন্ডারগুলোর বিক্রির তথ্য অধিদপ্তরে জমা দিতে বলা হয়েছে। বর্তমানে গ্যাস সংকট চলমান থাকায় এ ধরনের মজুত পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, সিলেটে অধিক দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগে আরেকটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার মেসার্স কামাল এন্টারপ্রাইজ নামের একটি দোকানে অভিযান চালিয়ে এ দণ্ড দেন। অধিদপ্তর জানায়, দোকানটিতে ১ হাজার ৩০০ টাকার এলপিজি সিলিন্ডার বেশি দামে বিক্রি করা হচ্ছিল।

এদিকে নগরীতে এলপিজি গ্যাস সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। সরকার কর ও ভ্যাট কমানোর উদ্যোগ এবং ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরও খুচরা বাজারে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হয়নি। নগরীর বিভিন্ন এলাকায় দোকানের সামনে খালি সিলিন্ডার পড়ে থাকতে দেখা গেলেও ভরা সিলিন্ডারের সংকট রয়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed