Main Menu

সিলেটে ভারতীয় ১২১ পিস কম্বলসহ তিন যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ জানুয়ারি) দুপুরে শাহপরান (রহ.) থানার উপপরিদর্শক এস এম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সিলেট–তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২১ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য চার লক্ষ ৮৪ হাজার টাকা।

এ ঘটনায় আটকরা হলেন— কিশোরগঞ্জ জেলার শিবপুর থানার আমাদি এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (২৯), হবিগঞ্জ জেলার সদর থানার শায়েস্তানগর এলাকার মো. মাসুক মিয়ার ছেলে মো. জনি মিয়া (২২) এবং নরসিংদী জেলার সদর থানার নাগরিয়া কান্দি এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. আসিফ মিয়া (২০)।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত কম্বলগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ পণ্য চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed