Main Menu

সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় কম্বল ও কমলা জব্দ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানা পুলিশের অভিযানে প্রায় ১৬ লাখ ৯৩ হাজার ২০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় কম্বল ও কমলা (কেনু) উদ্ধার করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যান জব্দসহ চালককে আটক করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে মোগলাবাজারের শ্রীরামপুর গোলচত্বরে পুলিশের চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত আলমপুরের দিকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে আলমপুর পিওএম পুলিশ লাইন্সের সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে।

আটককৃত চালকের নাম মো. লিটন মিয়া (৪০)। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। বর্তমানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় বসবাস করছেন।

পুলিশ জানায়, জব্দ করা কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ৪৩০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া ৮০ ক্যারেট ভারতীয় কমলা বা কেনু উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৪ লাখ ৩ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য ১৬ লাখ ৯৩ হাজার ২০০ টাকা।

এ সময় ঢাকা মেট্রো-ট ১৮-২৬২৯ নম্বরের কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এ ঘটনায় মোগলাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

সোমবার মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed