জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
বৈশাখী নিউজ ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) শীর্ষ তিন পদেই জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল।
ভোট গ্রহণের একদিন পর বুধবার (৭ জানুয়ারী) রাতে ঘোষিত ফলে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম। কমিটিতে তার সঙ্গে সাধারণ সম্পাদক (জিএস) হয়েছেন আব্দুল আলিম আরিফ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন মাসুদ রানা।
এর মধ্য দিয়ে ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুর জয়ের ধারাবাহিকতা ধরে রাখল জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠনটি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ বিরতির পর আবার বিশ্ববিদ্যালয়গুলোতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠিত দেশের চারটি বৃহৎ বিশ্ববিদ্যালয়েই (ডাকসু, জাকসু, চাকসু ও রাকসু) চমক দেখিয়ে ছাত্রশিবির নিরঙ্কুশ জয় পায়।
সেই ধারাবাহিকতায় জকসুর শীর্ষ তিন পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রতিদ্ব্ন্দ্বী ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের প্রার্থীরা হেরে গেছেন।
নির্বাচিত ভিপি শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫৫৫৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্র অধিকার পরিষদের এ কে এম রাকিব পেয়েছেন ৪৬৮৮ ভোট। রাকিব ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আর রিয়াজুল এ বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি।
৫,৪৭০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হয়েছেন ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরার ভোট ১৯৭৩টি। আরিফ জয়ী হয়েছেন ৩৪৯৭ ভোটে।
অপরদিকে এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৫০১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪০৭৫ ভোট। তিনি ৯৪৩ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন।
‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ নামের এ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব, জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ও এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল- প্রথম ভাগের ঘোষণা করা কেন্দ্রগুলোর ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ছিলেন। পরের কেন্দ্রগুলোর ফলে তারা পিছিয়ে পড়েন।
কেন্দ্রীয় সংসদের ফল ঘোষণার পর একমাত্র হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের ফলও ঘোষণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সব প্রক্রিয়া শেষে ফল ঘোষণা করা হয়।
মঙ্গলবার দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জকসু এবং একমাত্র ছাত্রী হলের প্রতিনিধি নির্বাচনে ভোট দেন শিক্ষার্থীরা। প্রায় সাড়ে ১৬ হাজার ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদে ৬৬ শতাংশ ভোট পড়ার কথা মঙ্গলবার জানায় নির্বাচন কমিশন।
আগের দিন বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গণনা শুরু হয়। আধা ঘণ্টা পরই বিপত্তি দেখা দেওয়ায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর গভীর রাতে গণনা শুরু হয়ে পরদিন বুধবারে গড়ায়।
নির্বাচনে মোটাদাগে চারটি প্যানেল অংশ নেয়। এরমধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় মূলত শিবির ও ছাত্রদল প্যানেলের প্রার্থীদের মধ্যে। নির্বাচনে ভিপি পদে লড়েন ১২ জন, জিএসে ৯ জন এবং এজিএস পদে আটজন।
ছাত্রদের হল না থাকায় নির্বাচন হয় শুধু নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ছাত্র প্রতিনিধি নির্বাচনে। ১৩ জন প্রতিনিধি নির্বাচনে হল সংসদে ভোটার ছিলেন ১২৪২ জন।
Related News
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More
চাকরির জন্য রাশিয়ায় নিয়ে নামানো হয় যুদ্ধে, প্রাণ হারান ২০ বাংলাদেশির
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলেRead More



Comments are Closed