এক বছরে ইসরাইল ছাড়লো প্রায় ৭০ হাজার নাগরিক
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি জনগণের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব হিসেবে ২০২৫ সালে দেশটি ছেড়ে গেছেন ৬৯ হাজারেরও বেশি ইসরাইলি নাগরিক।
দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) বুধবার (৩১ ডিসেম্বর) প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানিয়েছে।
সিবিএস জানায়, গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধাবস্থার কারণে এই প্রবণতা দেখা গেছে। এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরাইলের অভিবাসন ভারসাম্য ঋণাত্মক অবস্থায় রয়েছে।
সিবিএসের বরাতে টাইমস অব ইসরাইল জানায়, ২০২৫ সালে ইসরাইলের মোট জনসংখ্যা ১.১ শতাংশ বেড়ে রেকর্ড ১ কোটি ১ লাখ ৭৮ হাজারে (১০.১৭৮ মিলিয়ন) পৌঁছেছে। যদিও আগের বছরের মতোই প্রবৃদ্ধির হার অপরিবর্তিত ছিল, তবুও এটি ইসরাইলের ইতিহাসে জনসংখ্যা বৃদ্ধির অন্যতম ধীর বছর হিসেবে বিবেচিত হচ্ছে।
একই দিনে প্রকাশিত টাউব সেন্টার ফর সোশ্যাল পলিসি স্টাডিজ-এর গবেষণায় আশঙ্কা করা হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার ০.৯ শতাংশে নেমে আসতে পারে, যা দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ১ শতাংশের নিচে নামার ঘটনা হবে।
সিবিএস জানায়, ২০২৫ সালে প্রায় ২৪ হাজার ৬০০ নতুন অভিবাসী ইসরাইলে প্রবেশ করেছেন, যা ২০২৪ সালের তুলনায় প্রায় ৮ হাজার কম। এ হ্রাসের অন্যতম কারণ হিসেবে রাশিয়া থেকে আগত অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টি উঠে এসেছে। ২০২২ সালে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে ইসরাইলে অভিবাসনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিই এই প্রবণতা পরিবর্তনের প্রধান কারণ। এর মধ্যে রয়েছে ৭ অক্টোবর ২০২৩ হামাসের নেতৃত্বে ইসরাইলে হামলার পর গাজায় শুরু হওয়া যুদ্ধ এবং সরকারের বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনা নিয়ে ব্যাপক হতাশা, যা সমালোচকদের মতে দেশটির গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করছে।
এদিকে দীর্ঘদিন বিদেশে বসবাসের পর প্রায় ১৯ হাজার ইসরাইলি দেশে ফিরে এসেছেন। পাশাপাশি পারিবারিক পুনর্মিলনের উদ্দেশ্যে আরও ৫ হাজার ৫০০ জন ইসরাইলে প্রবেশ করেছেন।
এর আগে ২০২৪ সালে ৮২ হাজার ৭০০ ইসরাইলি দেশ ছেড়েছিলেন, যা ওই বছরে আগত মানুষের সংখ্যার তুলনায় প্রায় ৫০ হাজার বেশি ছিল। জনসংখ্যাবিদদের মতে, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইতিহাসের অধিকাংশ সময়েই দেশটিতে আগত ইহুদির সংখ্যা দেশত্যাগকারীদের তুলনায় বেশি ছিল। তবে ১৯৫০ ও ১৯৮০–এর দশকের কিছু সময় এই প্রবণতার ব্যতিক্রম দেখা গেছে।
সিবিএসের তথ্য অনুযায়ী, ইসরাইলের মোট ১ কোটি ১ লাখ ৭৮ হাজার জনসংখ্যার মধ্যে ৭৭ লাখ ৭১ হাজার ইহুদি ও অন্যান্য জনগোষ্ঠী, যা মোট জনসংখ্যার ৭৬.৩ শতাংশ। আরব জনগোষ্ঠীর সংখ্যা ২১ লাখ ৪৭ হাজার, যা মোটের ২১.১ শতাংশ। এছাড়া প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ (২.৬ শতাংশ) বিদেশি নাগরিক হিসেবে দেশটিতে বসবাস করছেন।
Related News
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনেRead More
মক্কার মসজিদে যে অপরাধে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজের’ দায়ে দোষী সাব্যস্ত দুইRead More



Comments are Closed