Main Menu

অবৈধ অভিবাসনের অভিযোগে মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশি আটক

প্রবাস ডেস্ক: মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ক্লাং ও কাজাং এলাকায় অভিবাসন দপ্তরের অভিযানে ২৪ বাংলাদেশিসহ ৯৭ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। অবৈধভাবে বসবাস ও কর্মসংস্থান করার অভিযোগে তাঁদের আটক করা হয়।

অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শা’বান জানিয়েছেন, গত রোববার (৫ অক্টোবর) বিকেলে বিশেষ টাস্কফোর্সের নেতৃত্বে ডাউনটাউন জালান রেকো ও ক্লাংয়ের রাতের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৯০ জন কর্মকর্তা অংশ নেন।

জাকারিয়া শা’বান বলেন, দীর্ঘদিন ধরে এসব এলাকায় বিপুলসংখ্যক বিদেশি অস্থায়ী কর্মভিসার আড়ালে অবৈধভাবে বসবাস করছে— এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৮৮৪ জনের কাগজপত্র যাচাই করা হয়, এর মধ্যে ৯৭ জনকে আটক করা হয়।

আটকদের মধ্যে ইন্দোনেশিয়ার ৪৪, বাংলাদেশের ২৪, মিয়ানমারের ৯, ভারতের ৭, পাকিস্তানের ২ এবং কম্বোডিয়া ও শ্রীলঙ্কার একজন করে নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ১৮ থেকে ৬২ বছরের মধ্যে।

অভিযানে ধরা পড়া অনেকেই পালানোর চেষ্টা করেন। কেউ কেউ ব্যস্ত সড়কের মাঝ দিয়ে দৌড়ে পালাতে গিয়ে আহত হন বলেও জানায় স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

আটকদের বিরুদ্ধে ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ও ১৫(১)(সি) ধারা অনুযায়ী মামলা হচ্ছে। পরে তাঁদের সেলাঙ্গরের বেরানাং ইমিগ্রেশন ডিপো ও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ডিপোতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed