Main Menu

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আনন্দ পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়ার ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে যায় বাসটি। সেখান থেকে অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- রিপন হোসেন (৩৫), মাজেদ হোসেন (৩৮), সদর উপজেলার চন্দ্রগঞ্জের শেখপুর গ্রামের মোরশেদ আলম (৫০), জয়নাল আবেদিন (৫৪) ও নওগাঁ জেলার আফসার উদ্দিনের ছেলে হুমায়ুন রশিদ (৪০)। হুমায়ুন  চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন।

এদিকে ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ডুবুরি দল ও ফায়ার সার্ভিস কর্মীরা না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় অনেকে। খালের তলদেশে আরও যাত্রী থাকতে পারে বলে ধারণা তাদের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে চালক ও হেলপারের খোঁজ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান। তিনি বলেন, এ পর্যন্ত আমরা পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।

তিনি জানান ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।

Share





Related News

Comments are Closed