মায়ের নিথর দেহের পাশে কাঁদছিল শিশু, পালালেন বাবা
বৈশাখী নিউজ ডেস্ক: চার মাসের শিশুর কান্না থেকেই প্রকাশ পেল নির্মম এক হত্যাকাণ্ড। শিশুটির পাশে পড়ে ছিল তার মায়ের রক্তাক্ত নিথর দেহ। পাষণ্ড স্বামী মারধর করে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
বুধবার (৬ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার শাজাহান মৃধার বাড়িতে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম।
নিহত নারী সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে শিশুর কান্না শুনে স্থানীয়রা ঘরে গিয়ে দেখেন, চার মাস বয়সী শিশু মেয়েটি কাঁদছে। আর পাশে পড়ে আছে তার মায়ের নিথর দেহ। এ সময় তারা পুলিশে খবর দেন।
নিহতের মামা জসিম শেখ বলেন, আমার ভাগ্নির শরীরজুড়ে মারধরের চিহ্ন রয়েছে। হাঁটু থেকে পা পর্যন্ত থেঁতলানো। এটা স্পষ্ট হত্যাকাণ্ড। নুরুল ইসলাম একজন মাদকাসক্ত এবং এলাকার পরিচিত সন্ত্রাসী।
নিহতের খালা আকলিমা বেগম বলেন, শিশুটিও শারীরিকভাবে আঘাত পেয়েছে। আমরা এখন বুঝতে পারছি না, তাকে কোথায় রাখব বা কিভাবে লালন করব।
জানা যায়, দেড় বছর আগে সুইটির খালু নাজমুল হোসেন গোপনে এই বিয়ের আয়োজন করেন। সে সময় সুইটি উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত ছিল। বিয়ের পর থেকেই স্বামী নুরুল ইসলাম প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। ঘটনার রাতে সুইটির খালু নাজমুল ফোনে পরিবারের সদস্যদের জানান, সে মারা গেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More
সাভারে মাদরাসা ছাত্রী নিখোঁজের ৬ দিনেও সন্ধান মেলেনি
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের হেমায়েতপুরে যাদুরচর এলাকার আয়েশা সিদ্দিকা রাযি বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রীRead More



Comments are Closed