Main Menu

বড়লেখা সীমান্তে নারী শিশুসহ ১৬ জনকে ঠেলে দিল বিএসএফ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখার লাতু বিওপির আওতাধীন কুমারসাইল সীমান্ত দিয়ে সোমবার (২৩ জুন) ভোরে নারী ও শিশুসহ ১২ জন রোহিঙ্গা মুসলমান এবং ৪ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সীমান্তের জিরো লাইনে এনে বিএসএফ সদস্যরা জোরপূর্বক তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের সহায়তায় বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। বিজিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদ ও পরিচয় শনাক্তের পর তাদের থানায় সোপর্দ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে বড়লেখা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিএসএফ প্রায় চার শতাধিক অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন করেছে।

উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, সোমবার সকাল ৯টার দিকে কুমারসাইল গ্রামের লোকজন তাকে জানান গ্রামের ভেতরে কয়েকজন নারী-পুরুষ ও শিশু ক্লান্ত ও বিপর্যস্ত অবস্থায় ঘোরাফেরা করছে। কথাবার্তা শুনে কয়েকজনকে রোহিঙ্গা মুসলমান বলে সন্দেহ হলে তারা স্থানীয় বিজিবি ক্যাম্পে খবর দেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে লাতু ক্যাম্পে নিয়ে যান। বিজিবি ক্যাম্পে জিজ্ঞাসাবাদের পর পরিচয় নিশ্চিত হলে তাদের থানায় হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জানতে ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বড়লেখা থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বিকেল ৫টার দিকে জানান, শুনেছি বিএসএফ ১২ জন রোহিঙ্গা ও ৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে। বিজিবি তাদের আটক করেছে। এখনো তাদের থানায় হস্তান্তর করেনি। হস্তান্তর করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed