নরসিংদীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলায় বালুবোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইটাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা ঢাকার সাভারের আশুলিয়ার এসবি নিটিং নামের একটি পোশাক কারখানার কর্মী। ওই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে তারা শুক্রবার ছুটির দিনে দল বেঁধে মাইক্রোবাসে করে সিলেটে ঘুরতে যাচ্ছিলেন।
নিহতরা হলেন- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীর মোতাহারের ছেলে মো. সবুজ (৩২), ঝালকাঠির রাজাপুরের আবদুল গণি হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (২৭), বরিশালের মুলাদীর মজিবর সিকদারের ছেলে আরিয়ান সিকদার (২৫), জামালপুরের সরিষাবাড়ীর দুখু মিয়ার ছেলে রাজু আহমেদ (৩৭), টাঙ্গাইলের মির্জাপুরের মৃত আইয়ুব খানের ছেলে আল আমিন খান (২৭), মাদারীপুরের কালকিনির তোফায়েল হাওলাদারের ছেলে আবদুল আওয়াল (৪০) ও কুষ্টিয়ার খাজানগর এলাকার নুরু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০)।
এ ছাড়া আহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন সাকি, পারভেজ ও দোয়েল। দুর্ঘটনার পর থেকে মাইক্রোবাসচালকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
দুর্ঘটনার খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালের মর্গে আসেন এসবি নিটিং কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. শিহাব উদ্দীন। তিনি বলেন, চালক ও আরেকজন ছাড়া মাইক্রোবাসটিতে অবস্থান করা নয়জনই তাদের প্রতিষ্ঠানের কর্মী। তাদের মধ্যে আটজনই প্রতিষ্ঠানের মার্চেন্ডাইজার ও একজন ফেব্রিকস সেকশনের স্টোরকিপার। কিছুদিন ধরেই তারা সিলেটে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। সে অনুযায়ী বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়া থেকে চালকসহ ১১–১২ জন ওই মাইক্রোবাসে চড়ে সিলেটের দিকে রওনা হন। পথে নরসিংদীর শিবপুরে এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানায়, সাভার থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেট যাচ্ছিলো। এ সময় মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ২ জন মারা যান। আহত বাকি ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা মাইক্রোবাসটির উচ্চগতি কারণেই দুর্ঘনাটি ঘটেছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. কবির হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিলেটগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে ভর্তির পর আরেকজনের মৃত্যু হয়।
পরিদর্শক কবির বলেন, আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
Related News
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীরRead More
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More



Comments are Closed