Main Menu

বিমানের পরিচালকসহ ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: অনিয়ম-দুর্নীতির মাধ্যমে মিশরীয় দুটি বোয়িং (৭৭৭-২০০ ইআর) উড়োজাহাজ লিজ নিয়ে ১ হাজার ১৬১ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করা হয়। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব মাহবুব হোসেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে উড়োজাহাজ দুটি লিজ নেওয়ার মাত্র ১১ মাস পর ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর ইজিপ্ট এয়ার থেকেই আরেকটি ইঞ্জিন ভাড়া করা হয়। দেড় বছরের মধ্যে নষ্ট হয় বাকি উড়োজাহাজের ইঞ্জিনও। সেটির জন্য ইজিপ্ট এয়ার থেকে আরও একটি ইঞ্জিন ভাড়া করা হয়। পরে নতুন করে আনা ইঞ্জিনও নষ্ট হয়ে গেলে সেটি মেরামতের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

উড়োজাহাজ দুটির জন্য ইঞ্জিন ভাড়া বাবদ ইজিপ্ট এয়ার এবং ইঞ্জিন মেরামতের জন্য মার্কিন কোম্পানিকে অর্থ দেয় বিমান। এতে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের ১ হাজার ১৬১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

দুদকের মামলার আসামিরা হলেন— বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ফ্লাইট অপারেশনের সাবেক পরিচালক ক্যাপ্টেন ইশরাত আহমেদ, সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার শফিকুল আলম সিদ্দিক (এস এ সিদ্দিক), মহাব্যবস্থাপক (মুদ্রণও প্রকাশনা) আবদুর রহমান ফারুকী, সার্ভিসেস অ্যান্ড অডিটের সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফ, সাবেক প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (এমসিসিঅ্যান্ডএলএম) দেবেশ চৌধুরী, ক্যাবের কনসালটেন্ট গোলাম সারওয়ার ও ক্যাবের প্রকৌশলী কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামান, শরীফ রুহুল কুদ্দুস (প্রিন্সিপাল সিস্টেম ইঞ্জি (স্ট্রাকচার), ক্যাপ্টেন মো. নজরুল ইসলাম শামিম, উপমহাব্যবস্থাপক (এওসি, এসিপি) জিয়া আহমেদ, চিফ পার্সার (অবসরপ্রাপ্ত) কাজী মোসাদ্দেক আলী, ফ্লাইটপার্সার মো. শহিদুল্লাহ কায়সার ডিউক, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজাদ রহমান, সাবেক ব্যবস্থাপক মো. আব্দুল কাদির, সাবেক উপপ্রধান প্রকৌশলী মো. শাহজাহান, সাবেক ইঞ্জিনিয়ার অফিসার মো. জাহিদ হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. ফজলুল হক বসুনিয়, ব্যবস্থাপক মো. আতাউর রহমান, চিফ পার্সার মোহাম্মদ সাজ্জাদ উল হক (শাহিন), ফ্লাইট পার্সার শাহনাজ বেগম ঝরনা ও সাবেক চিফ ইঞ্জিনিয়ার গাজী মাহমুদ ইকবাল।

Share





Related News

Comments are Closed