Main Menu

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫ লাখ পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত সহায়তা হি‌সে‌বে পাঁচ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

এক বিজ্ঞপ্তিতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, বাংলাদেশের সিলেট অঞ্চলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে অতিরিক্ত পাঁচ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য।

বাংলা মুদ্রায় যা ছয় কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা (১ পাউন্ড=১২৬.৪৪ টাকা)।

ব্র্যাক থেকে বিতরণ করা এই তহবিল সুনামগঞ্জ ও সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পানি, বাসস্থান, জীবিকার সুযোগ ও উন্নত পুষ্টি প্রদান করবে।

বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল বলেন, সিলেট অঞ্চলে গত বছরের বিধ্বংসী বন্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে এখনও ঝুঁকিপূর্ণ তা নির্দেশ করে।

হাইক‌মিশন জানায়, নতুন তহবিল সুনামগঞ্জ, সিলেটের সবচেয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অত্যাবশ্যক পানি, পুষ্টি, আশ্রয় ও জীবিকার সুযোগ প্রদান করবে। এ সহায়তা প্রদানের জন্য ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত।

যুক্তরাজ্যের এ নতুন সহায়তা প্রায় ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ও আশ্রয় নিশ্চিত করবে। পাঁচ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা ও খাদ্য নিরাপত্তা পুনরুদ্ধার করবে।

Share





Related News

Comments are Closed