Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার এসপিসহ ১৮ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদলের নেতা নয়ন মিয়ার (২২) মৃত্যুর অভিযোগে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমানসহ ১৮ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মৃতের বাবা রহমত উল্লাহ বাদী হয়ে মামলার আবেদন করেন।

অভিযুক্তরা হলেন কনস্টেবল শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম, ওসি (তদন্ত) তরুণ দে, উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন খান, উপপরিদর্শক বিকিরণ চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হোসেন রেজা ও পুলিশ সুপার আনিসুর রহমান। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

মামলার বাদীপক্ষের আইনজীবী আরিফুল হক মাসুদ বলেন, নয়নের বাবা বাদী হয়ে মামলার আবেদন করেছেন। বিচারক শুনানি শেষে পরে আদেশ দেবেন।

উল্লেখ্য, গত শনিবার বাঞ্ছারামপুর উপজেলা সদরের মোল্লাবাড়ী এলাকায় বিএনপির মিছিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ।

এ সময় উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি নয়ন মিয়া গুলিবিদ্ধ হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে ৭টার দিকে মারা যান।

Share





Related News

Comments are Closed