১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনেই হবে : ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ রাজধানীর নয়াপল্টনেই হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই সমাবেশ থেকেই সরকার পতনের এক দফা আন্দোলন শুরু হবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশটা কী কারও বাপের রাজত্ব নাকি? ১০ ডিসেম্বর এখানেই (নয়াপল্টন) সমাবেশ হবে। এটা জনগণের ঘোষণা। এখনও তো আসল ঘোষণা দেইনি, আসল ঘোষণা আসবে ১০ তারিখ। সেদিন থেকে শুরু হবে এক দফার আন্দোলন। আমরা অনেক আগে বলেছি, আমরা আইন মানতে চাই। তাই এ ব্যাপারে চিঠি দিয়েছি (সমাবেশের অনুমতির জন্য)।
তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করব। আমাদের দাবিও পরিষ্কার। বলেছি, জ্বালানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এ গণসমাবেশ। শাওন, নূরে আলম, আব্দুর রহিম হত্যার প্রতিবাদ, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি, দেশের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ গণসমাবেশ। এখানে কোনো প্রকার ছাড় নেই। এক দফা এক দাবি, এই সরকারকে যেতে হবে।
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার বলছি, এখন পর্যন্ত সাতটি শান্তিপূর্ণ সমাবেশ করেছি। প্রতিটি সমাবেশে তারা বাধা দিয়েছে। ওরা কত ভীরু ও কাপুরুষ হলে গাড়ি বন্ধ করে দেয়। এগুলো করেও কী কোনো সমাবেশ বন্ধ করতে পেরেছেন? সমাবেশে মানুষ আরও বাড়ছে। তিন ঘণ্টার সমাবেশকে আপনারা তিনদিনে রূপ দিয়েছেন।
মির্জা ফখরুল বলেন, তারা আমাদের জীবন নিয়ে খেলছে। আমাদের সাতজনকে হত্যা করেছে। আজকে বিক্ষোভে ফেটে পড়তে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সমস্ত দেশবাসীকে জেগে উঠতে হবে। ক্ষমতা থেকে এমনি এমনি কেউ সরে না, সরাতে হবে। মানুষের সমস্ত শক্তি ও বল দিয়ে এদেরকে চলে যেতে বাধ্য করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহতের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম। সঞ্চালনা করেন যথাক্রমে মহানগর দক্ষিণে এবং উত্তরের সদস্য সচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হক। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সারাফত আলী সপু ও মহানগরের সদস্য ইশরাক হোসেন প্রমুখ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed