Main Menu

২৮ নভেম্বর থেকে যুক্তরাজ্যের ভিসা আবেদন ফি অনলাইনে

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের যুক্তরাজ্য ভিসা আবেদন ফি পুরোপুরিভাবে অনলাইনে জমা দিতে হবে। আগামী ২৮ নভেম্বর থেকে এ পদ্ধতি কার্যকর হবে। রোববার (২০ নভেম্বর) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্য ভিসার জন্য বাংলাদেশ থেকে আবেদনকারী সকলকে যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফি জমা দেয়ার পর আবেদনকারীগণ তাদের মনোনীত ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে পাসপোর্ট ও বায়োমেট্রিক তথ্য জমা করতে পারবেন।

এ প্রসঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘‘কাজ, পড়াশোনা ও ভ্রমণের জন্য যুক্তরাজ্য অনেকের কাছেই পছন্দের শীর্ষে । জুলাই ২০২১ থেকে জুন ২০২২, এই এক বছরে বাংলাদেশী নাগরিকদের জন্য ২৪,৪০০ এর বেশি যুক্তরাজ্য ভিসা ইস্যু করা হয়েছে, যা আগের বছরের তুলনায় ৮৪% বেশী। বাংলাদেশের চলমান ডিজিটাইজেশনের সাথে সামঞ্জস্য রেখে একটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অবলম্বন করা এবং সকল আবেদনকারীর জন্য ভিসা আবেদনের অর্থ পরিশোধ প্রক্রিয়া সহজতর করার এখনই সময়।”

এই পরিবর্তনের ফলে কোন ভিসা আবেদনকারী কোন প্রকার অসুবিধার সম্মুখীন হলে তার জন্য যুক্তরাজ্য ভিসা ও অভিবাসন (ইউকেভিআই) দুঃখ প্রকাশ করছে। সকল ভিসা আবেদনকারীকে ভিসার আবেদন শুরু করার আগেই সঠিক পেমেন্ট পদ্ধতি নিশ্চিত করার জন্য উৎসাহিত করা হচ্ছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share





Related News

Comments are Closed