Main Menu

ত্রিশালে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় ট্রাকচালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ। নিহতদের মধ্যে দম্পতি চার জন ও বাকি একজন সিএনজি অটোরিকশা চালক।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বালিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন, ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের নূরুল আমিনের ছেলে নির্মাণ শ্রমিক জাকির হোসেন (৩০) ও তার স্ত্রী খাইরুন নেছা (২২), ইশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫), তার স্ত্রী হোসনে আরা বেগম (৩৫) এবং নিহত সিএনজি অটোরিকশা চালক আনারুল ইসলাম (২৫) ঈশ্বরগঞ্জ উপজেলার গোল্লা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। এ সময় বালু বোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যার পর নিজাম উদ্দিন তার স্ত্রী হোসনে আরাকে নিয়ে নিজ বাড়ি উচাখিলা থেকে সিএনজি অটোরিকশায় ত্রিশাল যাচ্ছিলেন। এ সময় পথে অপর দম্পতি জাকির হোসেন ও খাইরুন নেছা একই সিএনজিতে ওঠেন। পরে সিএনজি বালিপাড়া থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হলে পথে বালিপাড়ার ছোটপুল এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই দুই দম্পতি ও সিএনজি চালক মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, রোববার রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

 

Share





Related News

Comments are Closed