ঢাবিতে ছাত্রলীগের হামলায় আবরার ফাহাদের স্মরণসভা পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলে ছাত্রলীগের নির্যাতনে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ছাত্রলীগের হামলায় পণ্ড হয়েছে।
এতে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনসহ ১২ জন আহত হন। পরে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন।
শুক্রবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ হামলা করা হয়। ‘আবরার ফাহাদ স্মৃতি সংসদ’ ব্যানারে সমাবেশটি আয়োজিত হয়েছিল। এর সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে জানান আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন।
আখতার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের অন্তত ১২ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো দলীয় ব্যানারে এ প্রোগ্রাম করিনি। আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, কর্মসূচি শুরু হলে ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে। ছাত্রলীগের একদল নেতাকর্মী সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করে। পুড়িয়ে দেওয়া হয় ব্যানার-ফেস্টুনও।
এ বিষয়ে যোগাযোগ করা হলে হামলায় জড়িত কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, ‘তারা ক্যাম্পাসে বহিরাগত, মৌলবাদীদের নিয়ে কর্মসূচি পালন করে। আমরা তাদের জিজ্ঞাসা করতে আসি তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিনা। এ সময় তারা আমাদের ওপর হামলা করে। পরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিরোধ করে।’
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের মোট ১২ জন আহত হয়েছেন। তাদেরকে দেখতে ঢাকা মেডিকেল আসলে ছাত্রলীগ এখানেও হামলা করে। বর্তমানে আমি ঢাকা মেডিকেলের একটি কক্ষে আবদ্ধ অবস্থায় আছি। বাহিরে ছাত্রলীগ কর্মীরা হট্টগোল করছে। পূর্ব ঘোষিত আমাদের আজ বিকেল সাড়ে ৪টার কর্মসূচি হবে না। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed