Main Menu

দেশের চার বিভাগে ভারি বর্ষণের আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগের বেশকিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২৮ জুন) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তিনি বলেন, এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সকালে দেয়া আবহাওয়া অধিদফতরে সর্বশেষ আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান আরও বলেন, বৃষ্টি মাঝে থেমে গিয়েছিল। তবে তা আবার শুরু হবে। দেশের সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হবে।

এদিকে সকাল ৭টায় দেয়া আগামী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশে কোনো বৃষ্টি হয়নি।

গত ১৫ জুন থেকে সিলেট নগরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়। পরদিন থেকে তা ভয়াবহ আকার ধারণ করে। এতে নগরসহ আশপাশের বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও নিরাপদ আশ্রয়ের জন্য স্বজনদের বাসাবাড়িতে অবস্থান করে। ১৭ জুন বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ নেয়ায় সেনাবাহিনী নামানো হয়। সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়।

আজ সকালে ঢাকার বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। সকাল ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় মোংলায় ১৩১ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সোমবার (২৭ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ জুন) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। তবে খুলনা ও রংপুর বিভাগে বৃষ্টিপ্রবণতা বেশি ছিল। এ সময়ে সবচেয়ে বেশি ১৩১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মোংলায়। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১৮ ও সীতাকুণ্ডে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া আর দেশের কোথাও বৃষ্টির পরিমাণ ১০ মিলিমিটার পার হয়নি। অন্যদিকে গত কয়েকদিন ধরে বৃষ্টিহীন ঢাকা, এতে ফের গরমের দুর্ভোগে আছে নগরবাসী।

Share





Related News

Comments are Closed