Main Menu

দেশে আরো ১১৩৫ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনা আক্রান্ত ও শনাক্তের হার আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১ হাজার ১৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জনের করোনা শনাক্ত হলো।

একই সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে এপর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৩৪ জন।

বুধবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসের শুরুর দিকে করোনা বাড়তে থাকে। সবশেষ বুধবার এক লাফে বেড়ে দাড়িয়েছে ১ হাজার ১৩৫ জনে। সেই সঙ্গে শনাক্তের হারও বাড়ছে দ্রুত। গত ২ সপ্তাহে ১.৭৩ থেকে বেড়ে দাড়িয়েছে ১৩.৩০ শতাংশে।

এর আগের ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) শনাক্তের হার ছিল ১১.০৩ শতাংশ এবং ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ।

একই সময় করোনা আক্রান্ত ১২২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৮০ জন ঢাকা বিভাগের, ৩৩ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন রাজশাহী বিভাগের, ৬ জন বরিশাল বিভাগের, খুলনা বিভাগের ৮ জন এবং ৩ জন সিলেট বিভাগের।

এ দিকে করোনা বাড়তে থাকায় সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান করা থেকেও বিরত থাকতে অনুরোধ করেছেন।

Share





Related News

Comments are Closed