এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও হচ্ছে না
বৈশাখী নিউজ ডেস্ক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার মতো চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষাও অনুষ্ঠিত হবে না।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের ওপর গুরুত্ব দিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এজন্য এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হবে না।
এর একদিন আগেই (রোববার) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ঘোষণা দিয়েছিলেন, গত দুই বছরের মতো এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে না।
২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। পরে মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য ইবতেদায়ি পরীক্ষাও শুরু করা হয়। এরপর ২০১০ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জেএসসি পরীক্ষা শুরু হয়। একইসঙ্গে মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য চালু করা হয় জেডিসি পরীক্ষা।
তবে এসব পরীক্ষা নিয়ে নানামুখী বিতর্ক ছিল। শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ পড়ায় অনেক অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট অনেকে এসব পরীক্ষা বাতিলের দাবি করে আসছিলেন।
করোনা সংক্রমণের কারণে গত দুই বছর এসব পরীক্ষা হয়নি। নতুন শিক্ষাক্রমেও এসব পরীক্ষার কথা নেই। একেবারে দশম শ্রেণিতে গিয়ে পাবলিক পরীক্ষা (এসএসসি ও সমমান) নেওয়ার কথা বলা হয়েছে। আগামী বছর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে। এ রকম পরিস্থিতিতে এ বছরও এসব পরীক্ষা না হওয়ার অর্থ হলো এসব পরীক্ষা আর হচ্ছে না।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed