Main Menu

১ জুন চালু হচ্ছে চিলাহাটি-হলদিবাড়ী রুটে মিতালী এক্সপ্রেস

রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: দীর্ঘ ৫৭ বছর প্রতিক্ষার পর অবশেষে ঢাকা থেকে সরাসরি দার্জিলিং ও শিলিগুড়ি রুটে চালু হচ্ছে মিতালী এক্সপ্রেস ট্রেন। পর্যটকদের জন্য এই পথটি ভারত যাতায়াতের জন্য অত্যন্ত সহজ হবে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার দেওয়া নামের আন্তঃদেশি মিতালী এক্সপ্রেস ট্রেনের বাঁশি বাজতে যাচ্ছে ১ জুন বুধবার।

বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি পথে যাত্রীবাহী ট্রেনমিতালী এক্সপ্রেস। করোনা ভাইরাস ও ভিসা সংক্রান্ত জটিলতার পর ১ জুন থেকে চালু হচ্ছে এ ট্রেন। ট্রেনটি চালু হলে চলাচল করবে ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পথে।

মিতালী এক্সপ্রেস ট্রেন থেকে যা আয় হবে তা দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ ভাগ করে নিবেন। এ পথে মিতালী এক্সপ্রেস ট্রেনটি চালু হলে বাংলাদেশের রেলওয়ে বিভাগ আয়ের ৮০ শতাংশ আর ২০ শতাংশ পাবে ভারতীয় রেলওয়ে বিভাগ।

এদিকে এই পথে ট্রেন চলাচল করবে জেনে খুশি হয়ে প্রধান মন্ত্রী ও রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। তবে চিলাহাটিতে ইমিগ্রেশন ও কাস্টমস ক্লিয়ারেন্স ব্যবস্থা চালু রেখে এখান থেকে যাত্রী নেওয়ার দাবি জানান তাঁরা।

ট্রেনটির প্রথম যাত্রা শুরু হবে ভারতের পশ্চিম বাংলার উত্তর বঙ্গের শিলিগুড়ি শহরের নিউ জলপাইগুড়ি (এনজিপি) স্টেশন হতে। মিতালী এক্সপ্রেস ১ জুন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী অ্যাড: নুরুল ইসলাম সুজন অনলাইনের মাধ্যমে উদ্বোধনের পর নিউ জলপাইগুড়ি থেকে যাত্রা শুরু করবে।

চিলাহাটি স্টেশন মাস্টার বলেন, মিতালী এক্সপ্রেস ট্রেনে থাকছে ১০টি তাপানুকূল কোচ। এর মধ্যে চারটি করে মোট আটটি এসি ফার্স্ট ক্লাস ও এসি চেয়ার কার কোচ থাকবে। বাকি দুটি জেনারেটার ও ব্রেকআপ ভ্যান থাকবে। এসি বাথের জন্য নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত ভ্রমণকর সহ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৯০৫ টাকা, এসি চেয়ার কারের ভাড়া ৩ হাজার ৮০৫ টাকা। ৫ বছর পর্যন্ত অপ্রাপ্ত বয়স্কদের জন্য মূল ভাড়ার ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।

এই ট্রেনের টিকিট পাওয়া যাবে বাংলাদেশ অংশে ঢাকার কমলাপুর, চট্টগ্রাম, নীলফামারীর চিলাহাটি স্টেশনে। ভারতের অংশে টিকিট মিলবে কলকাতার ফেয়ার লিপ্যালেস ও নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঢাকা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত মিতালী এক্সপ্রেসের রেলপথ দূরত্ব ৫৯৫ কিলোমিটার। এর মধ্যে ভারতের অংশে ৬৯ কিলোমিটার।

ট্রেনটি দিনের বেলা ৪৫৬ আসন নিয়ে এবং রাতে ৪০৮ আসন নিয়ে চলাচল করবে। নিউ জলপাইগুড়ি থেকে হলদিবাড়ী হয়ে নীলফামারীর চিলাহাটি সীমান্ত পার হবে মিতালী। এর পর বাংলাদেশের চিলাহাটি, নীলফামারী, পার্বতীপুর, হিলি, সান্তাহার, নাটোর, ঈশ্বরদী বাইপাস ও বঙ্গবন্ধু সেতু পার হয়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। একই ভাবে ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।

মিতালী এক্সপ্রেস বাংলাদেশের ঢাকা থেকে ছাড়বে সপ্তাহে দুদিন সোমবার ও বৃহস্পতিবার, আর ভারতের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে রবিবার ও বুধবার। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে দুপুর ১২টা ১০ মিনিটে, ঢাকা ক্যান্টনমেন্টে পৌঁছাবে রাত ১০টা ৩০ মিনিটে। একইভাবে ঢাকা থেকে ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, ভারতে পৌঁছাবে পরের দিন সকাল ৭টা ৫ মিনিটে।

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বাংলাদেশের চিলাহাটি আর ভারতের হলদিবাড়ি পথে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ৫৫ বছর পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর মালবাহী ট্রেন এবং ২০২১ সালের ২৭ মার্চ যাত্রীবাহী ট্রেন চলাচলের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর থেকে মালবাহী ট্রেন চলাচল করলেও করোনা ভাইরাস ও ভিসা সংক্রান্ত জটিলতায় আটকে যায় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস চলাচল।

Share





Related News

Comments are Closed