Main Menu

‘মানুষ কয়লা খেয়ে বাঁচতে পারে না’

জাবি প্রতিনিধি: দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে কথা বলার সময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার সহ-সভাপতি সুমাইয়া ফেরদৌস বলেন, ‘মানুষ টাকা ও কয়লা খেয়ে বাঁচতে পারে না। মানুষকে শেষ পর্যন্ত ভাত খেয়েই বাঁচতে হয়।’

শুক্রবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বেলা ১২ টার দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো এবং ১২ ছাত্রনেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের আয়োজনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘আসলে অসাধু ব্যবসায়ীদের একমাত্র লক্ষ্য মুনাফা অর্জন। এ ব্যাপারে সরকারের কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। আমি জানিনা পরিস্থিতি আরও কতটা খারাপ হলে পরিবর্তনের সময়টা আসবে। যখন মানুষের ভাত খাওয়া থেমে যাবে তখন হয়ত পরিবর্তন আনতে মানুষ বাধ্য হবে।’

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, ‘এ হরতালে কয়টা দোকান খুললো আর কয়টা বন্ধ হলো, গাড়ির চাকা ঘুরলো কি ঘুরলো না তাতে যায় আসে না। বরং দীর্ঘদিন পর এমন একটি হরতাল হয়েছে যে হরতালে যৌক্তিক দাবি ছিল এবং সাধারণ মানুষের সমর্থন ছিল। তাই ১২ জন ছাত্রনেতার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা মূলত দ্রব্যমূল্যের উর্ধগতি থেকে মানুষের মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা। আমাদের যে ১২ ছাত্রনেতা এবং অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তা না হলে ইতিহাস বিকৃতকারী মুক্তিযুদ্ধ মঞ্চের সাথে রাস্তায় দেখা হবে।’

এছাড়া, মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক তাসবিবুল গণি নিলয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক কনোজ কান্তি রায়, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম।

উল্লেখ্য, গত বুধবার বাম জোটের হরতালে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার পোড়ানোর অভিযোগে তিনটি ছাত্র সংগঠনের ১২ নেতার বিরুদ্ধে মামলা করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শাহবাগ থানায় করা ওই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৪৫ জনকে আসামি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed