Main Menu

নায়িকা শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার

বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বিষয়টি জানিয়েছেন নায়িকা সাদিয়া মির্জা। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করেছে র‌্যাব। এসময় একটি গাড়িও জব্দ করা হয়।

সোমবার (১৭ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ বস্তা বন্দী অবস্থায় লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে নিয়ে আসা হয়।

অভিনেত্রী শিমুর ছোটবোন ফাতেমা জানান, রোববার সকাল ১০টায় বাসা থেকে বের হয়, সন্ধ্যা ৭টায় শিমুর এক বন্ধুকে শিমুকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে জানায়। পরে রাত ১১টায় কলাবাগান থানায় জিডি করা হয়। সোমবার সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালে লাশ শনাক্ত করে।

শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন বলেন, সর্বশেষ দুইদিন আগে কথা হয়েছিল, তার কোনো শত্রু নেই। তবে এফডিসিতে ১০ দিন আগে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নিয়ে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজি রমজানুল হক সংবাদ মাধ্যমকে জানান, ‘নায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ সোমবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন হযরতপুর ইউনিয়নের আলিপুর নামক স্থানে একটি ব্রিজের নিচে থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়। মরদহের গলায় একটি দাগও রয়েছে। মরদেহটি উদ্ধার করে আমরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। শিমু নিখোঁজ হওয়ার বিষয়ে কলাবাগান থানায় একটি জিডি হয়েছিল।’

প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু মরদেহটি বস্তাবন্দি ছিল এবং গলায় দাগ ছিল সেহেতু আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি হত্যাকাণ্ড। তবে এ বিষয়ে আমরা তদন্ত করছি। আর এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’

উল্লেখ্য, শিমু ১৯৯৮ সালে সিনেমায় আত্মপ্রকাশ করেছিলেন। ২০০৪ সাল পর্যন্ত নিয়মিত বড় পর্দায় দেখা গেছে তাকে। প্রথম সারির পরিচালকদের সিনেমায় অভিনয় করেছিলেন শিমু। গত কয়েক বছর ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত ছিলেন।

স্বামী ও দুই সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিনরোড এলাকার বাসায় থাকতেন। সিনেমার পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করতেন শিমু। সাম্প্রতিক সময়ে ফ্যামিলি ক্রাইসিস নামে একটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। ২৩টির মতো সিনেমায় অভিনয় করেছেন। ৫০টিরও বেশি নাটকে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি।

 

Share





Related News

Comments are Closed