Main Menu

শান্তিগঞ্জে বর যাত্রীবাহী গাড়ী দুর্ঘটনায় ৩ শিশু নিহত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ডাবর-জগন্নাথপুর সড়কে বর যাত্রীবাহী গাড়ী দুর্ঘটনায় ৩ শিশু নিহত ও ৮ জন আহত হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলো- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস (৬), লিপু চন্দের ছেলে প্রণব চন্দ (৯) ও সমীরণ দাসের ছেলে নিলয় দাস (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রী দল শান্তিগঞ্জের পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা নোহা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওয়ানা হন। রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির নোহা মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে নোহা মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ীর ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রো বাসে থাকা ১১জন যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন। তিনি জানান, মাইক্রোবাসে সবাই বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন, তবে আমরা তিনজনের মৃতদেহ পেয়েছি। আহতদের অবস্থা গুরুতর, বিস্তারিত পরে বলতে পারবো না।

এদিকে ঘটনার খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Share





Related News

Comments are Closed