Main Menu

পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা ইকবাল সন্দেহে ১জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন সন্দেহে কক্সবাজার থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তিনি বলেন, ‘আমরা কক্সবাজার শহর থেকে ইকবাল নামে একজনকে গ্রেপ্তার করেছি। তবে সে কুমিল্লার ঘটনায় জড়িত ইকবাল কি না তা কুমিল্লা পুলিশ যাচাই করে কনফার্ম করবে। তাকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।’

অন্যদিকে কুমিল্লার এসপি ফারুক আহমেদ বলেন, ‘ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তাকে কুমিল্লায় আনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

তবে আটকের পর জিজ্ঞাসাবাদে ইকবাল কী তথ্য দিয়েছেন সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে অভিযানে থাকা একজন পুলিশ জানান, সৈকতের বালিয়াড়িতে ঘোরাফেরা করছিলেন ইকবাল সন্দেহে আটক ওই ব্যক্তি। পরে তাকে সৈকত থেকে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে জানা গেছে সে কোনো হোটেলে ওঠেনি।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীর দিন গত বুধবার (১৩ অক্টোবর) ভোরে কুমিল্লা শহরের নানুয়াদিঘির উত্তরপাড়ে দর্পণ সংঘের উদ্যোগে আয়োজিত অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন দেখা যায়। এরপর কোরআন অবমাননার অভিযোগ তুলে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ওই ঘটনায় প্রাপ্ত সিসিটিভি ফুটেজে ইকবাল নামের এক ব্যক্তিকে দেখা যায়। সিসিটিভি’র সে ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ইকবাল হোসেন কীভাবে, কখন মসজিদে যান এবং বের হন। এরপর মণ্ডপের দিকে যান এবং মণ্ডপ থেকে গদা হাতে ফেরেন তা ফুটেজে অনেকটা স্পষ্ট।

Share





Related News

Comments are Closed