Main Menu

ঢাবির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য বীমা চালু

বৈশাখী নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও জীবন বিমা প্রকল্পের আওতায় এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নিয়মিত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। মাত্র ২৭০ টাকা প্রিমিয়াম প্রদান করে এখন থেকে তারা তালিকাভুক্ত বিভিন্ন হাসপাতালে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবছর ভর্তির সময় শিক্ষার্থীদের এককালীন বাৎসরিক মাত্র ২৭০ টাকা প্রিমিয়াম প্রদান করতে হবে। চলমান শিক্ষাবর্ষে ভর্তির সময় যেসকল নিয়মিত শিক্ষার্থী বার্ষিক প্রিমিয়ামের টাকা দিতে পারেননি, তারা https://student.eis.du.ac.bd ওয়েবসাইটে লগইন-এর মাধ্যমে health insurance বাটনে ক্লিক করে প্রিমিয়ামের টাকা জমা দিতে পারবেন। টাকা জমা দেওয়ার পর শিক্ষার্থীরা বিমা প্রিমিয়ামের একটি জমা রশিদ পাবেন। এটি তাদের সংরক্ষণ করতে হবে। বিমা সুবিধা দাবির ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে প্রিমিয়াম জমা রশিদ সংযুক্ত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক শিক্ষার্থী হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বার্ষিক সর্বোচ্চ ৫০ হাজার টাকা বিমা সুবিধা পাবেন। এছাড়া হাসপাতালে থাকাকালীন কেবিন বা ওয়ার্ড ভাড়া, হাসপাতাল সেবা, অস্ত্রোপচার জনিত ব্যয়, চিকিৎসকের পরামর্শ ফি, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষার বিল বাবদ দৈনিক সর্বোচ্চ ৫ হাজার টাকা চিকিৎসা ব্যয় পাওয়া যাবে। প্রত্যেক শিক্ষার্থীর জন্যে বার্ষিক ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে বহির্বিভাগ চিকিৎসার ক্ষেত্রেও এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ফি বাবদ প্রতি ব্যবস্থাপত্রে সর্বোচ্চ ৫শ’ টাকা পাওয়া যাবে।

কোনো শিক্ষার্থী ছাত্রত্ব হারালে অথবা বয়সসীমা ২৮ বছর অতিক্রম করলে বিমা সুবিধা পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.du.ac.bd থেকে বিমা সংক্রান্ত সকল শর্ত ও বিস্তারিত তথ্য জানা যাবে। এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ‘Claim Form’ ও ‘Guarantee of Payment (GOP) Request Form’ সংগ্রহ করতে পারবেন। বিমা সংক্রান্ত কাজের জন্য শিক্ষার্থীদের নিজ বিভাগ বা ইনস্টিটিউটের অফিসে যোগাযোগ করতে হবে।

Share





Related News

Comments are Closed