Main Menu

দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, আক্রান্ত ৭৯৪

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৭১ জনে।

সোমবার (৪ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৭৯৪ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯২৮ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ১৯ শতাংশ।

এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৩৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ১৯ হাজার ৫৮৮ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ ও নারী ১০ জন। এ সময় ঢাকায় ৭, চট্টগ্রামে ৫, রাজশাহীতে ১, খুলনায় ১, বরিশালে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন। রংপুর ও ময়মনসিংহে কেউ মারা যাননি।

এর আগে রোববার (৩ অক্টোবর) সারা দেশে করোনায় মারা যান ১৮ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৫৮৯ জনের দেহে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed