Main Menu

সিলেটের দুই ল্যাবে আরো ১১৯ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে একদিনে আরও ১১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার (৩০ আগস্ট) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ জনের এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮০ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে সিলেট বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৮১৪ জনে।

ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, রোববার এই ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে চারজন চিকিৎসকও রয়েছেন বলে জানিয়েছেন এ চিকিৎসক। শনাক্ত হওয়াদের মধ্যে ৩৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি একজন সুনামগঞ্জের বাসিন্দা।

এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে ৮০ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনাক্ত হওয়া ৮০ জনের মধ্যে সিলেট জেলায় ২৭ জন, সুনামগঞ্জ জেলায় ২১ জন ও মৌলভীবাজার জেলায় ৩২ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৮১৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৭১৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৫১, হবিগঞ্জে ১ হাজার ৫৩৯ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৪ জন। এরমধ্যে সিলেট জেলার ৪০৮০ হাজার জন, সুনামগঞ্জে ১ হাজার ৬৪৮ জন, হবিগঞ্জে ১০০৯ জন এবং মৌলভীবাজারের ১০২৭ জন সুস্থ হয়েছেন।

এদিকে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৭ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারের ২০ জন।

Share





Related News

Comments are Closed