Main Menu

সিলেট মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকের নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাকের (২৪) শাহজালাল উপশহরের ডি ব্লকের ২৬ নং রোডের ৩ নং বাসার মো. আবুল কালাম আজাদের ছেলে। সে নর্থ ইস্ট কলেজের একাদশ শ্রেণির ২য় বর্ষের ছাত্র।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়। আহতদের মধ্যে সাকের (২৪), রোম্মান আহমদ (২৬) কে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সাকের মারা যায়। তবে তাৎক্ষণিক বাকি এক জনের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আম্বরখানা থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজ এলাকায় অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কায়ছার খোকন বলেন, আহতদের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহতদের মধ্যে একজন মারা গেছেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উত্তরের ডিসি আজবাহার আলী শেখ বলেন, দূর্ঘটার শিকার তিনজনকে পুলিশ উদ্ধার করে ওসমানী মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে থাকা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed