Main Menu

ফেঞ্চুগঞ্জের অপহৃত কিশোরী কুলাউড়ায় উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে ৮ম শ্রেণির ছাত্রীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাসেল আহমদ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরীর তত্ত্বাবধানে ফেঞ্চুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খালেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ কুলাউড়া থানার সহায়তায় পুশাইনগর গ্রাম থেকে মঙ্গলবার (২১ জুলাই) বিকালে ওই কিশোরীকে উদ্ধার করে এবং অপহরণের অভিযোগে রাসেল আহমদকে গ্রেপ্তার করে। সে কুলাউড়া উপজেলার পুশাইনগর গ্রামের আব্দুল মালিকের ছেলে।

পুলিশ জানায়- গত ৩০ জুন সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানাধীন নয়াবাজার মোড় থেকে ৮ম শ্রেণি পড়ুয়া মেয়ে হারিয়ে যায় মর্মে মেয়েটির পরিবার ফেঞ্চুগঞ্জ থানায় হারানো সংবাদ হিসেবে জিডি করেন। এর প্রেক্ষিতে থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি সিলেটে জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমকে অবহিত করেন।

পরে পুলিশ সুপারের নির্দেশে হারানো স্কুল ছাত্রীকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় এবং একপর্যায়ে কুলাউড়া উপজেলার পুশাইনগর গ্রাম থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, ফেঞ্চুগঞ্জে স্কুল পড়ুয়া কিশোরী অপহরণের অভিযোগে অপহরণকারীকে গ্রেপ্তারপূর্বক ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed