Main Menu

সিলেট সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয়দের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল বিশ্বাস (৩৪) উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের শাতাল গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এ ঘটনায় ইন্দ্র বিশ্বাস (২২) নামে আরেক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি একই উপজেলার প্রেমপাড়া গ্রামের নরেন্দ্র বিশ্বাসের ছেলে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত) রজি উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৪৮ ব্যাটিলিয়ান সূত্রে জানা যায়, এই ব্যাটালিয়নের অধীনস্থ কালাইরাগ বিওপির আওতাধীন বর্ধন খাল গ্রাম দিয়ে ৫/৬ জন বাংলাদেশি শনিবার দুপুরে ভারতের অভ্যন্তরে ঢুকে পড়ে। স্থানীয়দের বরাত দিয়ে বিজিবির কর্মকর্তারা জানান, কাঠ চুরির জন্য ওই ৫/৬ জন ভারতে প্রবেশ করে। তাদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় খাসিয়া নাগরিকরা গুলি করে। এতে বাবুল বিশ্বাস মারা যান ও ইন্দ্র বিশ্বাস আহত হন।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আহমদ ইউসুফ জামিল বলেন, নিহতের লাশ উদ্ধার করা সম্ভব হলেও আহত ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। তিনি দেশে প্রবেশ করে আত্মগোপনে রয়েছেন।

আহমদ ইউসুফ জামিাল বলেন, সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে বিজিবি সবসময়ই সতর্ক রয়েছে। এই করোনা পরিস্থিতি টহল আরও বাড়ানো হয়েছে। এছাড়া সীমান্তবর্তী মানুষদের এ কাজে সংশ্লিস্ট করা হয়েছে। যাতে কেউ অবৈধভাবে সীমান্ত পেরোতে না পারে এ জন্য অনেকগুলো অস্থায়ী ক্যাম্পও করা হয়েছে। তবু কিছু মানুষ ঝুঁকি নিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে এসব অনাকাঙ্খিত ঘটনার জন্ম দিচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

Share





Related News

Comments are Closed