Main Menu

গোয়াইনঘাটে করোনাভাইরাসে বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার ৫নং পূর্ব আলীরগাও ইউনিয়নের ধর্মগ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

নিহত ব্যক্তি উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ধর্ম গ্রামের বাসিন্দা।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বর ও সর্দি-কাশি থাকায় মারা যাওয়া ব্যক্তি গত ২৬ এপ্রিল চিকিৎসার জন্য পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তার শরীরে করোনার উপসর্গ রয়েছে কি না বিষয়টি নিশ্চিত হতে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওসমানী হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নীরিক্ষা শেষে ওই দিনই তিনি বাড়িতে ফিরে আসেন। শনিবার (২ মে) দুপুরের দিকে হাসপাতাল থেকে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

বিষয়টি অবগত হওয়ার পর গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে তার বাড়িতেই একটি কক্ষে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

একই সময় করোনা আক্রান্ত ব্যক্তির গ্রামের মসজিদসহ আশপাশের ১২টি বাড়ি লকডাউন করা হয়েছিল।

আজ শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিবের উপস্থিতিতে তাকে নির্ধারিত বিধি অনুযায়ী তার জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজে ইমামতি করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলি গ্রামে ঢাকা ফেরত এক যুবকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। পরে সিলেটের শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার পর তিনি সেরে উঠে বাড়ি ফিরে স্বাভাবিক জীবনযাপন করছেন।

Share





Related News

Comments are Closed