Main Menu

দেশে করোনায় আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৪১

বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাসের মহামারীতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬৩ জন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৬৪১ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।

বুধবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফিংয়ে যুক্ত হয়ে এসব তথ্য জানান।

এই সময়ে দেশে আরও ১১ জন রোগী সুস্থ হয়েছেন; এনিয়ে সুস্থতার সংখ্যা গিয়ে দাঁড়াল ১৫০।

যারা নতুন করে মারা গেছেন, তাদের মধ্যে ছয়জন পুরুষ এবং দুজন নারী। ছয়জন ঢাকার বাসিন্দা এবং দুজন ঢাকার বাইরের। বয়সের দিক থেকে চারজন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব এবং দুজন ত্রিশোর্ধ্ব।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়এবং ৪,৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। পরে ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৯৭০। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া অতিমাত্রায় ছোঁয়াচে কোভিড-১৯ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩১ লাখ ৩৮ হাজার ১১৫ জন। এদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৪ হাজার ৩৭৫ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৯৬৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ৫৫ হাজার ৭৭০ জন (৮১ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২ লাখ ১৭ হাজার ৯৭০ জন (১৯ শতাংশ) রোগী মারা গেছেন।

নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed