Main Menu

দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৮

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে দেশে নতুন করে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট দাড়ালো ৪৮২ জন।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, দেশে রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি।

স্বাস্থ্য বুলেটিনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার কমলেও আজকে ৩ জন মারা গেছেন। ঢাকার একজন, বাইরের দুইজন। মৃতদের মধ্যে ৩০-৪০ বছরের মধ্যে একজন, ৫০-৬০ বছরের মধ্যে ২ জন।

তিনি বলেন, শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, আর ১০ জন নারী। ঢাকা শহরের ১৪ জন, নারায়ণগঞ্জ ৮ জন। অন্যরা অন্যান্য জেলায়।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার বিষয়টি ঘোষণা দেয় আইইডিসিআর। ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এদিকে গত ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বে প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। মারাত্মক ছোঁয়াচে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের প্রায় ১৭ লাখ মানুষ।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে প্রাণহানির সংখ্যা শনিবার সকালে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ৭৩৪ জনে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৬ লাখ ৯৯ হাজার ৬৩০ জন। এদের মধ্যে বর্তমানে ১২ লাখ ২০ হাজার ৫৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৯ হাজার ৮৩০ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৭৬ হাজার ৩২৭ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ২ হাজার ৭৩৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন। প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এ ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটির ৫ লাখ ২ হাজার ৮৭৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৮ হাজার ৭৪৭ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন। দেশটিতে ১ লাখ ৫৮ হাজার ২৭৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া সেখানে মারা গেছেন ১৬ হাজার ৮১ জন।

Share





Related News

Comments are Closed