Main Menu

দেশে আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৪

বৈশাখী নিউজ ডেস্ক: মরণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ২০ জনে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ২১৮ জনে। এছাড়া যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।

ফ্লোরা জানান, নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ২১ জন। নতুন শনাক্তদের মধ্যে ৩৯ জনই ঢাকার। গত ২৪ ঘণ্টায় মোট ৯৮১ জনের করোনা পরীক্ষা করা হয়।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৪ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৪ লাখ ৩১ হাজার ৬৮৯ জন। এদের মধ্যে বর্তমানে ১০ লাখ ৪৭ হাজার ৪৭০ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৮৯১ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৩ লাখ ২ হাজার ১৪৫ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৮২ হাজার ৭৪ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।

ভাইরাসটিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ভাইরাস শনাক্ত হয়েছে ৩ লাখ ৬৭ হাজার ৪ জনের শরীরে। সেখানে মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।

স্পেনে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৬৭৫ জন এবং মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Share





Related News

Comments are Closed