Main Menu

ইবিতে ছাত্রলীগের বিক্ষোভ

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: নোয়াখালীতে ছাত্রলীগ কর্মীদের উপর শিবিরের সশস্ত্র হামলা ও খুলনার কয়রা উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের উপর নৃশংস হামলার প্রতিবাদে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে দিকে বিশ্ববিদ্যালয়ের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করে তারা।

জানা গেছে, শাখা ছাত্রলীগের ও ছাত্র-বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন, সহ-সম্পাদক আরাফাত সিদ্দিকী, সাবেক সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদের নেতৃত্বে দলীয় টেন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক তৌকির মাহফুজ মাসুদ বলেন, “ছাত্রলীগের যখন কেউ খুন হয় তখন সুশীল সমাজ চুপ থাকে। কিন্তু ছাত্রলীগই আবার যখন কোন খারাপ কাজ করে তখন তারা সবাই সেটা নিয়ে আলোচনা করতে থাকে। ছাত্রলীগ কোন অন্যায়ের প্রতিবাদ করলে তখন সেটাকে সন্ত্রাসী তকমা দেয়া হয়। তাই আমরা বলতে চাই এখন থেকে আর কোন প্রতিবাদ হবে না এবার হবে প্রতিরোধ।”

এদিকে একই দাবিতে দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। এসময় শাখা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য তন্ময় শাহা টনি, সুমন আলী, বনি আমিন, মাহফুজ, সিরাজ, সাব্বিরসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে তন্ময় শাহা টনি বলেন, “আমরা যখন ব্রিটিশদের উপনিবেশবাদ বিরোধী আন্দোলন করেছি তখনও জামায়াত-শিবির এ আন্দোলনের বিরোধিতা করেছে। যখন ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জন করেছি সেদিনও জামায়াত-শিবির স্বাধীনতা বিরোধী হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে।” এসময় উপস্থিত সকলে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ দুই নেতার উপর হামলার বিচার চান।

Share





Related News

Comments are Closed