Main Menu

গোপালগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় যাত্রীবাহী বাস ও নসিমনের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরো ৭ জন।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার পারুলিয়া এলাকার বদির (৩০), মিজান (৪৩), সুমন (২৮) এবং সিরাজুল ইসলাম (৪০)। আরেকজন অজ্ঞাত, বয়স আনুমানিক ৪০।

পুলিশ ও এলাকাবাসী জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফালগুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে লিংক রোড থেকে হাইওয়েতে ওঠার সময় একটি শ্রমিকবাহী নসিমনের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে মিজান নামে এক শ্রমিক নিহত হন ও ১১ জন শ্রমিক গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে বদির ও সুমন মারা যান। গুরুতর আহত ৯ জনকে কাশিয়ানী উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ৬ জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে অজ্ঞাত একজন (৪০) এবং দুই জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সিরাজুল ইসলাম (৩০) নামে একজন মারা যান।

পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিমুল ইসলাম জানিয়েছেন, নিহত ও আহত শ্রমিকরা তার ইউনিয়নের বাসিন্দা। তারা বিল্ডিং ঢালাইয়ের কাজ করতে যাচ্ছিলেন।

Share





Related News

Comments are Closed