ইবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় সভাপতি-সম্পাদক গ্রুপের সঙ্গে বিদ্রোহী গ্রুপের দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ২৫ জন আহত হয়েছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কর্মীদের নিয়ে প্রায় চার মাস পর ক্যাম্পাসে প্রবেশ করতে পারে এ খবর পায় বিদ্রোহী গ্রুপের কর্মীরা। এতে সকাল থেকে দলীয় টেন্টে অবস্থান নেয় তারা। সকাল সাড়ে ১১ টার দিকে সভাপতি ও সম্পাদকের কয়েকজন কর্মীকে ধাওয়া করে প্রধান ফটকের সামনে থেকে ক্যাম্পাস সীমানা পার করে দেয় তারা। এসময় ছোটখাট একটি সংঘর্ষ হয় এবং সভাপতি-সম্পাদকের কর্মীদের মধ্যে চারজন আহত হয়। পরে বেলা দেড়টার দিকে সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক রাকিব পুনরায় ৪০-৫০ জন কর্মীসহ মিছিল দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করে।
বিশ্ববিদ্যালয় থানা গেট থেকে প্রধান ফটকের দিকে আসলে ২য় দফায় বিদ্রোহী গ্রুপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় গ্রুপের নেতাকর্মীদের হাতে লাঠি-সোটাসহ দেশীয় অস্ত্র দেখা যায়। এসময় তিনটি ককটেল বিষ্ফোরিত হয়। সংঘর্ষের এক পর্যায়ে সভাপতি-সম্পাদক গ্রুপের কর্মীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে সাধারণ সম্পাদক রাকিব গুরুতর আহত হন। এছাড়াও উভয় গ্রুপের প্রায় ২০ জন আহত হয়েছে। এর আগেও কর্মীদের ধাওয়া খেয়ে চারবার ক্যাম্পাস ছেড়েছেন সম্পাদক রাকিব। আহতদের প্রক্টরিয়াল বডির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এবং পরে কয়েকজনকে কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে।
ঘটনার পর বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে। একইসাথে তারা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে। যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে প্রায় ১ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ তুলে নিয়ে প্রধান ফটকে অবস্থান নেয় বিদ্রোহী গ্রুপের নেতা-কর্মীরা।
এবিষয়ে সহকারী প্রক্টর আনিচুর রহমান বলেন, “গোয়েন্দা তথ্য অনুযায়ী সকাল থেকে প্রধান ফটকে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়ন ছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এঘটনায় প্রশাসনের পক্ষ থেকে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সেলিনা নাসরিকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
এদিকে বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী হানিফ হোসাইন বাদি হয়ে ইবি থানায় ১১ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলার পর সম্পাদক রাকিবকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া পুলিশ সুপার তানভির আরাফাত। আটক অবস্থায় তার চিকিৎসা চলেছে বলেও নিশ্চিত করেছেন তিনি।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed