Main Menu

ঢাবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে থাকা একটি ফেসবুক আইডির লেখাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছিল ক্যাম্পাসে। ফেসবুকের ওই লেখার জন্য ছাত্রদল সাধারণ সম্পাদককে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং তাকে ‘দেখে নেয়া’র হুঁশিয়ারি দেয় ছাত্রলীগ।

তবে ওই ফেসবুক আইডিটি ‘ভুয়া’ বলে জানিয়েছেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নামে একটি আইডির বায়োতে ‘৭৫-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’- এমন লেখা দেখতে পাওয়া যায়। সেটির স্ক্রিন শর্ট নিয়ে ফেসবুকে ভাইরাল করা হয়। যদিও ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন, ওই নামে তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই।

ছাত্রদলের সাধারণ সম্পাদকের ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেন ছাত্রদলের নেতারা। সংবাদ সম্মেলনে তারা ফেসবুকে ছাত্রদলের সাধারণ সম্পাদকের নামে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন। ফেসবুকে তার কোনো অ্যাকাউন্ট নেই বলে তারা দাবি করেন।

সাংবাদিক সমিতিতে সাংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, আমার কোনো ফেসবুক আইডি নেই। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৬টি আইডি চালু রয়েছে। এজন্য তিনি তেজগাঁও থানায় জিডি করেছেন উল্লেখ করে তার নামের অ্যাকাউন্টের কোনো লেখার দায়ভার তিনি নেবেন না বলেও জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে যান। সেখানে তাদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান।

ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে ছাত্রদলের অভিযোগ। হামলায় অংশ নেন ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক আল মামুন, মাস্টার দা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাইসুল ইসলাম। হামলার নেতৃত্বদানকারী আমিনুল ইসলাম বুলবুল মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি বলে জানা গেছে।

হামলার বিষয়টি স্বীকার করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, যারা ৭৫-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এ স্লোগান দেয় মধুর ক্যান্টিনে, তাদের তো এখানে অবস্থানের কোনো সুযোগ নেই। আপনারা জানেন, ৭৫-এ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বিএনপির জন্ম হয়। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের যারা আছি, ৭৫-এর হাতিয়ার নিয়ে যারা কাজ করবে, আমরা ঘোষণা দিয়েছি তাদের প্রতিহত করব।

Share





Related News

Comments are Closed