Main Menu

ঢাকা কলেজ ছেড়েছে আবরারের ছোট ভাই

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা কলেজ ছেড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। সে ওই কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। ভাইয়ের নির্মম মৃত্যুর পর আজ মঙ্গলবার ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছে সে। ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বে ফায়াজ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখার এক কর্মকর্তা জানান, আবরারের ছোট ভাইয়ের ছাড়পত্র হয়ে গেছে। সে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বে। বিশেষ ব্যবস্থায় সে আজকে আবেদন করেছে এবং আজকেই তার ছাড়পত্র মঞ্জুর করা হয়েছে।

এর আগে আজ সকালে ঢাকা কলেজের উপাধ্যক্ষ কে টি এম মাইনুল হোসেন বলেন, আবরার ফায়াজ ইতিমধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছে। এখন পরবর্তী প্রক্রিয়া চলছে। তিনি জানান, ফায়াজ ছাড়পত্র নিয়ে কুষ্টিয়া সরকারি কলেজে পড়তে চায়।

৬ অক্টোবর শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। ভাইয়ের এ ঘটনার পর আবরার ফায়াজ ঢাকায় পড়তে অনীহা প্রকাশ করে।

১২ অক্টোবর কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের সে জানায়, ভাইকে হারিয়ে সে একা হয়ে পড়েছে। ভাই তার সব বিষয়ে খেয়াল রাখত। ভাই নেই, তাই সেও ঢাকায় থাকবে না।

Share





Related News

Comments are Closed