সিলেটে বিনিয়োগে আগ্রহী হংকংয়ের বিনিয়োগকারী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ও চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী হংকংয়ের বিনিয়োগকারী ক্লারেন্স ওয়েই। আজ শনিবার বিকালে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এ আগ্রহ ব্যক্ত করেন তিনি। চেম্বারের বোর্ড রুমে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব।
সভায় হংকংয়ের বিনিয়োগকারী ক্লারেন্স ওয়েই বলেন, ‘বাংলাদেশ শিল্প খাতে যথেষ্ট সম্ভাবনাময়। এখানে শ্রমবাজার সস্তা এবং পণ্যের চাহিদাও প্রচুর।’
তিনি বলেন, তার কোম্পানি নেটপেক হংকং লিমিটেড বিভিন্ন ধরণের জুয়েলারি বক্স, ঘড়ির বক্স, লেদার ব্যাগ ইত্যাদি তৈরী করে এবং বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করে। তিনি এসব ক্ষেত্রে চট্টগ্রাম ও সিলেটে বিনিয়োগে আগ্রহী বলে জানান।
তিনি বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে বিদেশী বিনিয়োগকারীরা অবশ্যই এদেশে বিনিয়োগ করবে।
সভাপতির বক্তব্যে সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘হংকং এশিয়ার মধ্যে অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ এলাকা। হংকংয়ে অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানির হেড অফিস আছে। হংকংয়ের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এজন্য উভয় দেশের ব্যবসায়ীদের একত্রে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমানে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্য সহযোগিতার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন।’ তিনি সিলেটে নির্মিতব্য শ্রীহট্ট ইকোনমিক জোন ও বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কে বিনিয়োগের জন্য হংকংয়ের বিনিয়োগকারীদের আহবান জানান এবং এ ব্যাপারে সিলেট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. এমদাদ হোসেন, মো. আতিক হোসেন, প্রবাসী বিনিয়োগকারী ফখরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ নূর আলম, মো. হাসান ইমাম প্রমুখ।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed