Main Menu

‘সীমান্তে হত্যাকাণ্ড উল্লেখযোগ্য হারে কমেছে’

বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্তে হত্যাকাণ্ড উল্লেখযোগ্য হারে কমেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। তিনি বলেন, ‘আর যারা মারা যাচ্ছে, তাদের অধিকাংশই চোরাচালানে জড়িত। এ কারণে সীমান্ত হত্যা বন্ধে ঢালাওভাবে ভারতকে দোষারোপ না করে নিজেদের দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন মন্ত্রী।’

শনিবার দুপুরে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২০০৩ সালে ১৬৬ জন মানুষ বর্ডারে (সীমান্তে) মারা গেছে। কিন্তু গত বছর মারা গেছে মাত্র ৩-৪ জন। যারা মারা গেছে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছে কিংবা চুরি করতে গেছে। অবৈধভাবে প্রবেশ করা বন্ধ হলে বর্ডারে হত্যাও বন্ধ হবে।”

এ সময় সাংবাদিকরা ভারতকে ফেনী নদীর পানি ও এলপিজি গ্যাস প্রদান নিয়ে তাকে প্রশ্ন করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতকে আমরা খাবার পানি দিয়েছি, বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। মাত্র ছয় হাজার লোকের একটি শহরে আমরা খাবার পানি দিচ্ছি। এই পানি দেয়ার মাধ্যমে আমরা ভারতকে বোঝালাম আমাদের মন অনেক বড়। সেই সঙ্গে তাদের দায়বদ্ধতার মধ্যে রাখলাম।

গ্যাস প্রদান বিষয়ে তিনি বলেন, ভারতে দেশের গ্যাস বিক্রি করা হচ্ছে না। বরং বিদেশ থেকে গ্যাস কিনে সেটি রূপান্তর (এলপিজি সিলিন্ডার) করে ভারতের কাছে বিক্রি করা হবে। এটি বাংলাদেশের জন্য সুখবর। নতুন একটি বাজার আমরা পেয়েছি।

Share





Related News

Comments are Closed